নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণা করেসপনডেন্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
নেত্রকোণার মদন উপজেলার মাদরাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে শিক্ষক আমানুল্লাহ সাগরকে (সাগর হুজুর) মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বুধবার (১১ নভেম্বর) দুপুরে মামলাটির রায় ঘোষণা করেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম।
মামলা সূত্রে জানাযায়, নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি এলাকায় একটি মহিলা কওমি মাদরাসায় পড়ত ১১ বছরের শিশুটি। মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর (সাগর হুজুর) মাদরাসায় থাকা অবস্থায় বিভিন্ন সময়ে ওই শিশুকে ধর্ষণ করেন। পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে শিশুশিক্ষার্থী একটি কন্যাশিশুর জন্ম দেয়।
আরও জানা যায়, চিকিৎসকের কাছে পরীক্ষা করানোর পর শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলায় সাগরের পাশাপাশি তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকেও আসামি করা হয়। মামলার পর আত্মগোপনে চলে যান সাগর। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
এ সময়, আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি ডিএনএ সংরক্ষণের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে ভুক্তভোগী ও নবজাতকের নমুনা সংগ্রহ করা হয়। ২ জুলাই ভুক্তভোগী একটি কন্যাশিশুর জন্ম দেয়। পরে নবজাতকের নমুনার সঙ্গে মামলার আসামি সাগরের ডিএনএ পরীক্ষা করা হয়।
আগস্টে প্রকাশিত সিআইডির চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়ার কথা জানানো হয়। ফলে মামলার তদন্তে এটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে সামনে আসে।
এরপর ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার এসআই মো. আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এবং তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে অভিযুক্ত করা হয়।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল বলেন, রাষ্ট্রপক্ষের হাতে থাকা সাক্ষ্য, নথিপত্র ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় যে রায় হয়েছে তাতে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।
/এসআর