×
Logo

সারাদেশ

ঝিনাইদহে বৈধ কাগজপত্রবিহীন ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ এএম

ঝিনাইদহে বৈধ কাগজপত্রবিহীন ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক

ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্রবিহীন সারবোঝাই একটি ট্রাক আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে স্থানীয় লোকজন। আটক ট্রাকে করে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে যাওয়া হচ্ছিল।

মঙ্গলবার (১০ নভেম্বর), রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকের চালক-হেলপার কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাত ১১টা পর্যন্ত সারবোঝায় ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সদস্যরা হেফাজতে রাখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, 'রাজবাড়ি-ট-১১-০১৪১' রেজিস্ট্রেশন নাম্বারের একটি ট্রাকে যশোরের নোয়াপাড়া থেকে সারবোঝাই করে কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে, স্থানীয় লোকজন, ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি থামিয়ে কি ধরনের মাল নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্য জানতে চাইলে, তারা জানান, যশোরের নোয়াপাড়া থেকে সার নিয়ে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। 

তবে, ট্রাকটির চালক ট্রাকে থাকা সারের কোন মেমো বা চালান আছে কিনা জানতে চাইলে তারা দেখাতে পারেননি। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে ট্রাকটি হেফাজতে নেয়।

এই বিষয়ে জানতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসাদউজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়রা সারবোঝাই একটি ট্রাক আটক করেছে এমন সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে প্রশাসনের লোকজন গেছে তারা সব খোঁজখবর নিচ্ছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ইউএনও এবং কৃষি অফিসারকে সারের কাগজপত্র যাচাই করতে বলা হয়েছে। তারা যাচাই-বাছাই করার পরে যদি সারগুলি অবৈধ বলে প্রমাণিত হয় তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এআই 

Logo