রাজবাড়ীতে যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর
রাজবাড়ী করেসপনডেন্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ এএম
রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়েছে। হামলায় তাঁর বাবা-মা, বোন ও পরিবারের অন্য সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাংশা থানা পুলিশ।
সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু জানান, কী কারণে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। স্থানীয় কিছু খারাপ প্রকৃতির বিএনপির নামধারী নেতাকর্মী এ হামলা চালিয়েছেন।
তিনি বলেন, হামলাকারীরা তার স্ত্রী ডলি আক্তার, মেয়ে ঐশী আক্তার ও ছেলের স্ত্রী শাহানা খাতুনকে মারধর করে। এ সময় অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন পাট্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মাসুম। তিনি বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এসব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। বিএনপির নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ঘটনাটি রাজনৈতিক কারণে, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।