এইচএসসিতে ১৫ শতাংশের নিচে পাশ কলেজগুলোকে একীভূতের মতামত কুমিল্লা বোর্ডের
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শুণ্য থেকে ১৫ শতাংশ পাশের হার সম্পন্ন কলেজগুলোকে অন্যান্য ভালো ফলাফলের প্রতিষ্ঠানের সাথে একীভূত করার মতামত দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে শুণ্য পাশের হার সম্পন্ন কলেজের প্রধানদের সাথে সভাশেষে এ কথা জানান বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, সর্বনিম্ন পাসের হারের কলেজগুলোর ক্ষেত্রে একীভূত করার মতামত দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা যায় কুমিল্লা বোর্ডের অধীন ১৫ টি প্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি। সেসব প্রতিষ্ঠানের কোন কোনটিতে একজন শিক্ষার্থীর বিপরীতে চারজন শিক্ষক থাকলেও সেখানেও ছিল শূন্য পাশের হার।
তিনি আরও বলেন, এমনকি এইসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোন কোনটিতে একজন শিক্ষার্থী নিয়েই চলছিল উচ্চ মাধ্যমিক শাখার কার্যক্রম। এ বছর ফলাফল শেষে বিষয়টি সারাদেশে সমালোচিত হলে ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কে আজ মঙ্গলবার শিক্ষা বোর্ডের তলব করা হয়। সেখানে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ওই প্রতিষ্ঠানগুলোর প্রধানের কাছ থেকে খারাপ ফলাফলের কারণ জানতে চাওয়া হয় এবং মতামত নেয়া হয়।
এরপরেই বোর্ড চেয়ারম্যান এইসব প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান বোর্ড চেয়ারম্যান।
/এসআর