×
Logo

সারাদেশ

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই নারী আন্তর্জাতিক শূন্যরেখার ওপারে ভারতের অংশে অবস্থান করছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

এদিন সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

সীমান্তবর্তী সূত্র ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী পাথরের চর সীমান্ত দিয়ে আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ওই নারী নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তিনি অসংলগ্ন কথাবার্তাও বলেন। পরে তাকে শূন্যরেখার ওপারে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন 'সীমান্তে একজনকে পুশ-ইনের চেষ্টা করেছে। আমরা ওখানে পাহারায় আছি আগের মতোই। তিনি এখনও ভারতের মধ্যে আছেন, আমরা তাঁকে বাংলাদেশে ঢুকতে দিইনি।'

/এমএইচআর

Logo