রাতে দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম
সারাদেশের বিভিন্ন জায়গায় গতকাল সন্ধ্যা ও রাতে যানবহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজকে আটক করা হয়েছে। এছাড়াও জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার (০৯ নভেম্বর) রাত ১১টার দিকে গাজীপুরের চন্দ্রায় হাজীবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর গাড়িটিতে কে বা কারা আগুন দেয়। শুরুতে আশপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সোমবার সন্ধ্যায় চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাগেরহাটের মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক কলাবোঝাই পিকআপ ভ্যানটির গতিরোধ করে। পরে তারা পিকআপের টায়ারে আগুন দিয়ে পালিয়ে যায়। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও বাসস্ট্যান্ড এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।
একইভাবে রংপুরের দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। রাত সাড়ে ১১টায় নগরীর কোতোয়ালি থানাধীন বিএনসিসি মোড়ে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে মিঠাপুকুর থানার সামনে ওভারব্রিজ থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। শহরজুড়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গোপালগঞ্জেরও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাতে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত হয়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া কোটালীপাড়ায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
অন্যদিকে, নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছ। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শহরে বাইপাস গাবতলী মোড় নামক স্থানে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবরদেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
/এসআইএন