×
Logo

সারাদেশ

নড়াইলে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইল করেসপনডেন্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম

নড়াইলে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

ছবিতে অভিযুক্ত ছেলে,ইনসেটে বাবা

নড়াইলের লোহাগড়া উপজেলায় আফসার শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। টাকার জন্য তিনি প্রায়ই বাবা আফসার শেখকে মারধরের পাশাপাশি বাড়ির জিনিসপত্র ভাঙচুর ও চুরি করতেন।

মাদকাসক্তি ও চুরির অভ্যাসের কারণে সামাজিক সালিশের মাধ্যমে খায়রুলের স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেই স্ত্রীকে নিয়েই খায়রুল ফের বাড়িতে ফিরে আসেন।

দুপুরে বাবা আফসার শেখ পাশের বাজার থেকে বাড়ি ফিরলে ছেলের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে খায়রুল ধারালো বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আফসার শেখের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার বিস্তারিত জানতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের মা ও স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে ।

এছাড়া পলাতক খায়রুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

/এসএম/এনএ 

Logo