কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ এএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গচিহাটা এলাকায় ন্যাশনাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনার আগে গচিহাটা কলেজের ভেতরে কয়েকজনের সঙ্গে শাহরিয়ার জামান রানার কথা-কাটাকাটি হয়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা মাদকসেবী বলে জানা গেছে। একপর্যায়ে তাদের একজনকে চড়-থাপ্পড় মারেন তিনি। এর জেরে তাঁর ওপর হামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
/এনএ