×
Logo

সারাদেশ

কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতি, ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতি, ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার শনির আখড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে মুরাদনগরের নেয়ামতপুর এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেনের ইলিশ মাছবোঝাই পিকআপের গতিরোধ করে। এ সময় ব্যবসায়ী, চালক ও সহযোগীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার ইলিশ মাছসহ পিকআপ এবং নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী মাছ ব্যবসায়ী।

এসআরবির দাবি, তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার এবং প্রবাসী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএন


Logo