×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাম্পে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাম্পে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্প থেকে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫৬) নামে এক উপপরিদর্শকের (এসআই) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজ শয়নকক্ষে ওই এসআইএর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

নিহত জাহাঙ্গীর হোসেন তালুকদার ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, সকালে ফাঁড়ির সদস্যদের থাকার কক্ষে অর্থাৎ নিজ শয়নকক্ষে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল ব্যবহার করে তিনি মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পারিবারিক কোনো বিরোধ বা মনোমালিন্য ছিল কিনা, তা নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা হাসপাতালের মর্গে গিয়ে উদ্ধার হওয়া পিস্তল ও এর ম্যাগাজিন পরীক্ষা-নিরীক্ষা করছেন। তারা আঙুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছেন।

/এএম 

Logo