সাভারে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের গাড়িতে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হলেও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা।
এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
অন্যদিকে, সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর সাংবাদিকদের ওপর হামলা এবং শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর তারা সড়কে নেমে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
/এএন