সাজেকে চলমান অবরোধের মধ্যেই ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
রাঙ্গামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যেই এবার ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। আগামী বুধ ও বৃহস্পতিবার (৪ ও ৫ নভেম্বর) সাজেক পর্যটন সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমা।
কমিটির দাবি, চলমান অনির্দিষ্টকালের অবরোধের কারণে সাজেকের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জুমে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। অন্যদিকে পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন হোটেল-রিসোর্ট মালিক, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা।
উল্লেখ্য, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। ১ নভেম্বর এক দিনের জন্য অবরোধ শিথিল করা হলেও ২ নভেম্বর থেকে আবারও তা শুরু হয়। এর মধ্যেই পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি পাল্টা অবরোধের ঘোষণা দিয়েছে। ফলে সাজেকের পর্যটন সড়ক সচল হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি জানিয়েছে, তাদের অবরোধে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম এবং জরুরি খাদ্যদ্রব্য ও চিকিৎসাসামগ্রী বহনকারী যানবাহন আওতামুক্ত থাকবে।
/এসআর