×
Logo

সারাদেশ

শ্রমিক আন্দোলন ঘিরে কালিয়াকৈরের বাড়ি মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

গাজীপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

শ্রমিক আন্দোলন ঘিরে কালিয়াকৈরের বাড়ি মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে কালিয়াকৈর পৌরসভা। ভাড়াটিয়াদের মাধ্যমে কোনো বহিরাগত ব্যক্তি বা অপরাধ চক্রের সদস্য বাসায় অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য বাড়ির মালিকদের অনুরোধ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভার পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন।

এতে বলা হয়, সম্মানিত সকল বাড়ির মালিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা যদি নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগতকে আশ্রয় দিয়ে থাকে অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করে থাকে, তাহলে দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে।

এতে আরও বলা হয়, বিষয়টি দ্রুত জানানোর জন্য বাড়ির মালিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে এর দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে।

গণবিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করে বাড়ির মালিকদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিকদের মধ্যে বহিরাগতরা প্রবেশ করে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও অবরোধ চলছে৷ বিশেষ করে কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রভাব বেশি পড়েছে। 

/এনএ 


Logo