রাজবাড়ীতে মানব পাচারের মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
রাজবাড়ীর পাংশায় ২ তরুনকে অপহরণের পর ভারতে পাচারের মামলায় মো. রেজাউল মন্ডল ও মো. শাহীদুল মিয়া নামে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তহিদুল ইসলাম এ রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানা যায়, একলাস উদ্দিন মালিথা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৭ ও ১০(১) ধারায় আসামী রেজাউল মন্ডল সহ অজ্ঞাত ৭-৮ জন আসামীর বিরুদ্ধে ২০১২ সালের ২৬ মে পাংশা থানার মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, একলাস উদ্দিন মালিথার ছেলে মো. ফারুক (১৬) পাংশার বাগদুলী গ্রামে তার নানা মো. সাবিন বেপারীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। ২০১২ সালে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। রেজাউল মন্ডল ছিলেন তার বন্ধু।
২০১২ সালের ১০ মে রাত ১০টার দিকে রেজাউল মন্ডলসহ কয়েকজন বেড়াতে নেওয়ার কথা বলে ফারুক ও তার খালাতো ভাই মোঃ আজিজুল ইসলামকে (১২) অপহরণ করে। পরে তাদের ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
একপর্যায়ে ফারুককে ভারতে পাচার করা হয়। তবে আজিজুল কৌশলে পালিয়ে যশোরে এসে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এরপর থেকে ফারুকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় ফারুকের বাবা ২০১২ সালের ২৬ মে পাংশা থানায় মানব পাচার আইনে মামলা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা জানান, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
/এএন