পোশাকশ্রমিকদের সহিংসতা: গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জে বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আজও পোশাকশ্রমিকদের সহিংসতায় উত্তপ্ত গাজীপুর ও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। ভাঙচুর ও আগুন দেওয়া হয় পুলিশের গাড়িসহ কয়েকটি যানবাহনে। এরই মধ্যে নারায়ণগঞ্জেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরা যেসব গার্মেন্টসের মালিক, তারা পোশাক খাতে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছেন। তাদের চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে, দেশকে অস্থিতিশীল করতে অপতৎপরতা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সকাল সাড়ে ৯টার দিকে পোশাকশ্রমিকদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সাভারের আশুলিয়ার নরসিংহপুর ও জিরাবো এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আর বেলা সোয়া ১১টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

তেমনি উত্তাপ ছড়ায় গাজীপুরের বিভিন্ন এলাকাতেও। বেলা পৌনে ১২টায় নাওজোর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ সময় পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। হামলার শিকার হন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সংবাদকর্মী।
এর আগে, সকাল ৯টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পোশাকশ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। আহত হন এক বিজিবি সদস্য।
এছাড়াও, গাজীপুরের সফিপুর, টঙ্গীসহ কয়েকটি এলাকায় মহাসড়কে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে দেখা দেয় দীর্ঘ যানজট।
যদিও পুলিশ বলছে, পোশাকশিল্পের পাশাপাশি দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপতৎপরতা চালাচ্ছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, যান চলাচল স্বাভাবিক রাখা এবং কারখানায় নাশকতা ও ভাঙচুর ঠেকাতে শিল্প পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনে অনেক বহিরাগত দুষ্কৃতকারী যোগ দিয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে বিজিবি।
/এসআইএন