×
Logo

সারাদেশ

দীঘিনালায় আকস্মিক অবরোধ, সাজেক-বাঘাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন

খাগড়াছড়ি করেসপনডেন্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

দীঘিনালায় আকস্মিক অবরোধ, সাজেক-বাঘাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন

খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিকভাবে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরের আগে সড়কে ব্যারিকেড দিয়ে এই অবরোধ শুরু করেন স্থানীয়রা।

এতে দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু ও সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক এই অবরোধে চরম বিপাকে পড়েছেন স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষ।

জানা গেছে, কোনো পূর্বঘোষণা বা আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই উপজেলার জামতলি ও সুপারি বাগান এলাকার সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ মানুষ ও পরিবহন শ্রমিকরা।  

তারা জানান, সাজেক রুটে টানা কয়েকদিন ধরে চলা অনির্দিষ্টকালের অবরোধের কারণে তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

এর আগে, কার্বারী অ্যাসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটির ডাকা অবরোধ আজ এক দিনের জন্য শিথিল করা হয়। তবে শিথিলের দিনেই পাল্টা কর্মসূচি দেয় ‘পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি’।

এই সংগঠনের ব্যানারেই আজ সড়কে যান চলাচল আটকে দেওয়া হয়েছে। ফলে ওই রুটে চলাচলকারী পণ্যবাহী ও যাত্রীবাহী অসংখ্য যানবাহন আটকা পড়েছে।

/এসএম

Logo