তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
প্রতীকী ছবি
সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৭০ জন চরমপন্থি সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছেন আগামীকাল। রোববার (১ নভেম্বর) সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবেন।
এদিন সকাল ১১টা ৩০ মিনিটে আত্মসমর্পণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসআরবি-এর মহাপরিচালক আহসান হাবিব পলাশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে— আত্মসমর্পণকারী ৭০ জনের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আত্মসমর্পণের মাধ্যমে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক সামাজিক জীবনে ফেরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এসআরবি-১২'র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন সময়ে চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আত্মসমর্পণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৯৮ সালে সিরাজগঞ্জে শতাধিক চরমপন্থি আত্মসমর্পণ করেন। পরবর্তী সময়ে ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে সাত জেলার ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চরমপন্থি তৎপরতা নিরসনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম হতে পারে।