১১ দলীয় জোট লংমার্চের নামে ‘গাড়িমার্চ’ করছে: সংস্কৃতিমন্ত্রী
স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম
১১ দলীয় জোট লংমার্চের নামে ‘গাড়িমার্চ’ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতিহাস অনুযায়ী লংমার্চ সবসময় পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা গাড়িতে চড়ে এই কর্মসূচি পালন করছে।
মন্ত্রী বলেন, বিরোধীদলের এই কর্মসূচি নিয়ে তার কোনো মন্তব্য বা আপত্তি নেই। দেশে রাজনৈতিক অধিকার থাকা যে কারোই স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ রয়েছে।
এর আগে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। সেখানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।
সভায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যা রোধের উপায় নিয়ে কথা বলেন নিতাই রায় চৌধুরী। এতে জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে যান সংস্কৃতি মন্ত্রী। সেখানে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি অংশ নেন।
/এসএম/এনএ