সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
খাগড়াছড়ি করেসপনডেন্ট
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কলাবুনীয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টা থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, কলাবুনীয়া এলাকায় ইউপিডিএফ (মূল) ও সন্তু লারমা সমর্থিত জেএসএসের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধের খবর বিভিন্ন মাধ্যমে পেয়েছেন তারা। তবে দুর্গম এলাকা হওয়ায় সেখানে পুলিশের পক্ষে পৌঁছানো সম্ভব হয়নি।
গোলাগুলির খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ওসি।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় সঞ্জিতা ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, গত ১১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে।
/এনএ