যশোরের স্কুলে ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষককে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার ২
যশোর করেসপনডেন্ট
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম
যশোরের অভয়নগর উপজেলায় একটি স্কুলের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর, অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন এবং দপ্তরি মোস্তাফিজুর রহমান।
ভুক্তভোগীর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর স্কুল চলাকালীন সময়ে বাথরুমে গেলে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন ইমরান হোসেন নামের এক শিক্ষক। পরবর্তীতে মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভুক্তভোগীর অভিভাবকরা ধর্ষণের ঘটনাটি সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে জানান। কিন্তু তিনি কোনো প্রশাসনিক বা আইনি পদক্ষেপ না নিয়ে, উল্টো দফতরি মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় মূল অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে নিরাপদ দূরত্বে পালিয়ে যেতে সহায়তা করেন।
এই অপরাধে সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় পুলিশ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দফতরিকে গ্রেফতার করে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
/এএ