×
Logo

সারাদেশ

পাবনায় গরুর হাটের ইজারাদার ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

পাবনা করেসপনডেন্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ এএম

পাবনায় গরুর হাটের ইজারাদার ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

ফাইল ছবি

পাবনায় গরুর হাটের ইজারাদার এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার পুষ্পপাড়া হাটে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন হাটের ইজারাদার আব্দুস সালামও। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে একটি কক্ষে বসে বৈঠক করছিলেন ইজারাদার আব্দুস সালাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেনসহ কয়েকজন। এ সময় হঠাৎ মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সালাম ও রিপন। হামলার সময় অন্যরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

গুরুতর আহত অবস্থায় আব্দুস সালাম ও রিপন হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, হামলার কারণ ও হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পাবনার পুলিশ সুপার আলী আশ্রাফ বলেন, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আব্দুস সালাম গরুর হাটের ইজারাদার ছিলেন। এ সংশ্লিষ্ট কোনো বিরোধের পাশাপাশি অন্য কোনো শত্রুতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

/এসআইএন

Logo