ঝিনাইদহ সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নাগরিকদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। আটক অন্য ৬ জন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন শ্রীনাথপুর বিওপির একটি টহল দলের নিয়মিত টহল চলাকালে ওই ৯ জনকে আটক করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে মহেশপুর থানা পুলিশ এ বিষয় নিশ্চিত করেন।
আটক তিন ভারতীয় নাগরিক হলেন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার হোসেনপুর গ্রামের জগদীশ সিংয়ের মেয়ে শিবানী সিং (২৭), একই জেলার নকশীপাড়া থানার সোনাতলা গ্রামের দেবকুমার বিশ্বাস (৩৩) ও তার মেয়ে দেবশ্রী বিশ্বাস (১৪)। বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকারোক্তি দিয়েছেন।
আটক বাংলাদেশিরা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বিষ্ণুপুর গ্রামের শুভজিৎ দাস (২৪), টুঙ্গিপাড়ার থানার ডুমুরিয়া গ্রামের দুলালী বিশ্বাস (৩৭), বরিশালের আগৈলঝাড়া থানার রাজিহার গ্রামের অঞ্জনা শীল (১৯), পিরোজপুরের নেছারাবাদ থানার গণকপাড়া গ্রামের পূর্ণিমা মৃধা (২০), ঝিনাইদহের মহেশপুর থানার অনন্তপুর গ্রামের৷ বশির মোল্লা (৩৬) ও একই এলাকার ডাকাতিয়া উত্তরপাড়া গ্রামের তানজিল (৩৪)।
মহেশপুর থানা পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির টহল দল সীমান্তের মেইন পিলার ৬১-আর টহল অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে ওই ৯ জনকে আটক করে বিজিবি। এদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক বলে পুলিশ নিশ্চিত করেছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (মিডিয়া) মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ভারতীয় নাগরিকদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে এসেছিল। পরে একই ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ফেরার চেষ্টাকালে বিজিবির হাতে ধরা পড়ে। এ ছাড়া ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকদের নামে মামলা দায়ের শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
/এসআর