গোপালগঞ্জে পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, লাইটার ধরাতেই জ্বলছে আগুন
সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস। গ্যাস লাইটার বা ম্যাচ জ্বালিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এই সাবমারসিবল পাম্পটিকে নিয়ে এলাকার মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারা বিশেষজ্ঞ টিমের মাধ্যমে এটি পরীক্ষা করার দাবি জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছের গাড়িতে পানি সরবরাহ দেওয়ার জন্য কামরুল শেখ নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প বসান।
গত এক সপ্তাহ ধরে সাবমারসিবল পাম্পটিতে পানি কম ওঠায় কৌতূহলবশত কামরুল শেখ বুধবার দিবাগত রাতে (২৮ অক্টোবর) পাইপের মাথায় গ্যাস লাইটার ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কামরুল শেখের দোকানের সামনে এসে ভিড় জমাতে থাকেন।
আজ ভাসাই বাজারে কামরুলের দোকানের সামনে গিয়ে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। তাদের অনুরোধে কামরুল শেখকে মাঝেমধ্যেই সাবমারসিবল পাম্পটি চালিয়ে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেখাতে হচ্ছে।
উৎসুক এসব মানুষ দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞ টিম এনে এটি পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়েছেন।
কামরুল শেখ বলেন, বিভিন্ন মাছের গাড়িতে পানি সরবরাহ দেওয়ার জন্য গত এক বছর আগে ২৮০ ফুট গভীরের এই সাবমারসিবল পাম্পটি আমি বসিয়েছি। গত এক সপ্তাহ ধরে পানি খুব কম ওঠায় গতকাল বুধবার রাতে আমি পাম্পটির পাইপের মাথায় গ্যাস লাইটার ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক মানুষজন আমার দোকানের সামনে এসে ভিড় জমান।
স্থানীয় যুবক শিহাব শেখ বলেন, রাতে খবর পেয়ে আমরা সকালে এখানে দেখতে এসেছি। এসে ঘটনার সত্যতা পেয়েছি। আমরা চাই, একটি বিশেষজ্ঞ টিম এসে এটি পরীক্ষা করে দেখুক। সত্যিই এখানে মাটির নিচে গ্যাস আছে কি না। সত্যিই এখানে যদি গ্যাস পাওয়া যায়, তাহলে সেটি আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি জানার পরে এলাকার তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তাদের তথ্যানুযায়ী, প্রাথমিকভাবে আমি এটির সত্যতা পেয়েছি। আগামীকাল শুক্রবার আমি ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
/এসআইএন