টাঙ্গাইলে মাটি খুঁড়তে গিয়ে ১২টি রকেট লাঞ্চার সদৃশ বস্তু উদ্ধার
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
টাঙ্গাইলের সখীপুরে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া জং ধরা দুটি বাক্সে ১২টি রকেট লাঞ্চারসদৃশ বস্তু ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই এলাকার কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা সেখানে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা রকেট লাঞ্চারসদৃশ বস্তুগুলো অনেক পুরোনো। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি রকেটলাঞ্চার সদৃশ বস্তু পাওয়া গেছে। এ ছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে পূর্ব পাকিস্থান পুলিশ লেখা একটি নেমপ্লেট রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইলে খবর শুনে এসে দেখি অনেক লোকজন। এগুলো দেখে মনে হচ্ছে বহু পুরনো কোনো নিদর্শন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময় বা তার আগের সময়কার পূর্ব পাকিস্তান পুলিশের কোনো ব্যবহৃত সরঞ্জাম।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, পুরাতন জং ধরা ১২ টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। এগুলো গ্রেনেড নয় রকেট লাঞ্চার।
/এসআর