চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় দুই হাত কেটে হত্যা, রাস্তায় মিলল মরদেহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ এএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ধানখেত পাহারা দিতে গিয়ে নেজাম উদ্দিন (৫০) নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের দুটি হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় মরদেহের পাশে পড়ে ছিল।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামের কালিছড়ি ব্রিজ এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত নেজাম উদ্দিন ওই ইউনিয়নের মীরেরখিল স্লুইসগেট এলাকার মৃত রফু মিয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি দিনমজুর হিসেবে কাজ করতেন।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, মীরেরখিল কালিছড়ি ব্রিজসংলগ্ন এলাকায় নেজাম উদ্দিনের একটি পাকা ধানখেত রয়েছে। বন্যহাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় মঙ্গলবার বিকেলে তিনি ঘর থেকে ধানখেত পাহারা দিতে যান। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। সকালে স্বজনেরা তাকে খুঁজতে বের হয়ে ধানখেত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পিচঢালা সড়কের মাঝখানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় লাশের পাশেই তার দুটি বিচ্ছিন্ন হাত পড়ে ছিল।
নিহতের স্বজন নূরুল আলম অভিযোগ করে জানান, সম্প্রতি ঘর নির্মাণকে কেন্দ্র করে সন্ত্রাসীরা নেজামের কাছে চাঁদা দাবি করেছিল। ধারণা করা হচ্ছে, সেই চাঁদা না দেওয়ার কারণেই তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতের ছোট ভাই জসিম উদ্দিন জানান, তার ভাই অত্যন্ত নিরীহ একজন মানুষ ছিলেন। কী কারণে তাকে এমন পৈশাচিক কায়দায় খুন করা হলো, তা তাদের বোধগম্য নয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নেজাম উদ্দিনের দুটি হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে; কারণ তার শরীরের অন্য কোথাও আঘাতের বড় কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার তদন্ত অব্যাহত রয়েছে।
/এএ