×
Logo

সারাদেশ

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি: ১৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক ১

নাটোর করেসপনডেন্ট

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ এএম

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি: ১৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের লায়লার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী ‘শ্যামলী এন আর ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাসে বড়াইগ্রামের লায়লার মোড় এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে থাকা নয়নের একটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৭ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিএনসি জানতে পেরেছে যে, আটক নয়ন মিয়া মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে ঢাকা থেকে কুষ্টিয়ায় এই মাদকের চালান পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য অপরাধীদের গ্রেফতারেও তদন্ত অব্যাহত রয়েছে।

/এএ 

Logo