দেশের রাজনীতি, অর্থনীতি ও গণতন্ত্র পুনর্গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী: দুলু
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম
দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে যুবদলকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় হুইপ ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষায় বহু মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এখন তিনি দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি ও গণতন্ত্র পুনর্গঠনে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নাটোরের ভবানীগঞ্জ মোড়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন দুলু।
তিনি বলেন, বর্তমানে দেশবিরোধী চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দুলু আরও বলেন, যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, সেই ষড়যন্ত্রকারীরা এখন প্রতিবেশী রাষ্ট্র থেকে নতুন করে আস্ফালন করছে। দেশবিরোধী সব চক্রান্ত ও ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দিতে হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
/এনএ