×
Logo

সারাদেশ

রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবকের বাড়ি ভাঙচুর

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ এএম

রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবকের বাড়ি ভাঙচুর

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ ও পবিত্র কোরআন শরিফ নিয়ে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট করার অভিযোগে এক যুবকের বাড়িঘর ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।

সোমবার (২৬ অক্টোবর) রাতে পীরগঞ্জ সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম সৌরভ চন্দ্র মহন্ত, যিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। অভিযোগ রয়েছে যে, তিনি কিছুদিন আগে নিজের ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ ও পবিত্র কোরআন শরিফকে অবমাননা করে একটি ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে তা অনলাইনে আপলোড করেন। পরবর্তীতে ভিডিওটি স্থানীয়দের নজরে এলে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এরই জেরে সোমবার রাতে শত শত উত্তেজিত জনতা চড়াও হয়ে সৌরভের বাড়িতে হামলা চালায় এবং তার পরিবারের তিনটি ঘর ভাঙচুর করে।

ঘটনার খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আইনি প্রক্রিয়া হিসেবে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএ 

Logo