×
Logo

সারাদেশ

কুমিল্লায় টিকটক-ফেসবুকে অস্ত্র বেচাকেনার বিজ্ঞাপন, যুবক আটক

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১১ পিএম

কুমিল্লায় টিকটক-ফেসবুকে অস্ত্র বেচাকেনার বিজ্ঞাপন, যুবক আটক

কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২। এ সময় পাইপ দিয়ে তৈরি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আবু মোহাম্মদ তৌকির নেওয়াজ আসিফ নামের এক যুবককে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, টিকটক ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির ভিডিও প্রকাশের পাশাপাশি চলতো এসব অস্ত্র বিক্রির প্রচার ও ক্রেতা সংগ্রহ।

মূলত, টিকটকে প্রকাশিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরদারি শুরু করে এসআরবি-১১, সিপিসি-২-এর গোয়েন্দা দল। ভিডিওর সূত্র ধরে অভিযুক্তের অবস্থান শনাক্তের পর বৃহস্পতিবার রাতে কুমিল্লার লালমাই উপজেলার ইসাপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে পাইপ দিয়ে তৈরি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, অস্ত্রের প্রতি একধরনের আকর্ষণ থেকে দেশীয় অস্ত্র তৈরি শুরু করেন আটক যুবক। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসব অস্ত্র তৈরির ভিডিও পোস্ট করার পাশাপাশি দেওয়া হতো বিক্রির বিজ্ঞাপন। এরপর সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে চলত বেচাকেনার প্রক্রিয়া।

এছাড়া ‘বন্দুক’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অস্ত্র নিয়ে তথ্য আদান-প্রদান, দরদাম এবং বিক্রিসংক্রান্ত আলোচনা চলত বলে জানিয়েছে এসআরবি।

প্রসঙ্গত, আটক আবু মোহাম্মদ তৌকির নেওয়াজ আসিফের আরেকটি ভিডিও সামনে এসেছে। সেখানে তাকে আনসারের পোশাক পরে টিকটকে অভিনয় করতে দেখা যায়।

/এসআইএন


Logo