মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত তিনটায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি বাস, সামনে থাকা কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সড়কের রেলিং ভেঙে পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এসআর