এবার আপনাদের কোনো পূজামণ্ডপে দেখিনি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম
বিরোধীদলের উদ্দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনের সময় দুর্গোৎসবে যেভাবে ঢাকের তালে নেচেছেন, রোজা ও পূজাকে এক করেছেন, পূজামণ্ডপে ঘুরে বেড়িয়েছেন—এবার কিন্তু আপনাদের কোনো পূজামণ্ডপে দেখিনি।
তিনি আরও বলেন, এই ধোঁকাবাজির রাজনীতি, সস্তা রাজনীতি ও ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্য, জনগণের জন্য রাজনীতি করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আপনারা ধর্মকে পুঁজি করে যে রাজনীতি করছেন, তার ফলাফল মানুষ দেখেছে, মানুষ বুঝেছে। সাধারণ মানুষের বক্তব্য, বিগত নির্বাচনে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ও মুসলমানদের ঘরে ঘরে গিয়ে, বেহেশতের কথা বলে ধোঁকা দিয়ে ভোট নিয়েছেন।
তিনি আরও বলেন, যারা জুলাই-আগস্ট নিয়ে সারাদিন চিৎকার করেন, জুলাই-আগস্টকে পুঁজি করে রাজনীতি করতে চান এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সারাক্ষণ কথা বলেন, সেই রাজনৈতিক দলগুলোর নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত হননি।
জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যের প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, তিনি বলেছেন, বিরোধীদল চকলেট আর সরকারি দল খাচ্ছে বিরিয়ানি। এর জবাবে আমি বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধীদল চকলেট পাচ্ছে। ১৯৯৬ সালে ও এর আগেও বিএনপি বিরোধীদলে ছিল। তখন চকলেট দেওয়া তো দূরের কথা, আমাদের বসার জায়গাটুকুও দেওয়া হয়নি।
/এসআইএন