দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে শরীয়তপুরের এক ব্যবসায়ী নিহত
শরীয়তপুর করেসপনডেন্ট
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি নামের শরীয়তপুরের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়।
এর আগে, বুধবার (২১ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুষ্টার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত হন মারুফ।
নিহত মারুফ বেপারি (৪৫) ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা এলাকার বাসিন্দা। তার বাবা মৃত আব্দুস সোবহান বেপারি। তার তিন সন্তান রয়েছে।
স্বজনরা জানায়, জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন মারুফ বেপারি। সেখানে ১৪ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। বুষ্টার এলাকায় ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় সন্ত্রাসী একটি গোষ্ঠী নিরাপত্তার নামে তার কাছে প্রতি মাসে দক্ষিণ আফ্রিকান ৫০০ র্যান্ড দাবি করতেন।
তারা আরও জানায়, সম্প্রতি চাঁদার টাকা নিয়ে তাদের সঙ্গে মারুফের বিরোধ হয়। এর জেরেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় প্রবাসী ও পরিবারের। তার মরদেহটি বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রয়েছে। এদিকে, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।
/এএন