×
Logo

সারাদেশ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু

গাইবান্ধা করেসপনডেন্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:২৬ পিএম

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে তারা মিয়া (৫০) নামে এক আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে সাদুল্লাপুরে এক নারীসহ দুই আনসার সদস্যের মৃত্যু হলো।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে তিনি মারা যান। এর আগে দুপুরে উপজেলার পূর্ব কিশামত হামিদ সার্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তারা মিয়া সাদুল্লাপুর উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুর্গাপূজার শুরু থেকেই তারা মিয়া উপজেলার ১৮ নম্বর কেন্দ্রের নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব কিশামত হামিদ সার্বজনীন দুর্গামন্দিরে ভিডিপি সদস্য হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। বুধবার পূজার শেষ দিনে দুপুরের দিকে দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

স্বজনেরা জানান, অসুস্থ তারা মিয়াকে অ্যাম্বুলেন্সে করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রংপুরে নেওয়ার পথে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের আরও দাবি, পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে তারা মিয়া জ্বরে ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, পূজার দায়িত্ব পালনকালে আনসার-ভিডিপি সদস্য তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হচ্ছিল। পথে শারীরিক অবস্থার অবনতি হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান।

উল্লেখ্য, এর আগে গত রোববার (১৮ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগম (৪৬) নামে এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়। তিনি উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মফিজল হকের মেয়ে।

পারভীন বেগম কিশামত বড়বাড়ি সার্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে হঠাৎ পাতলা পায়খানা ও বমিতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

/এসআর 

Logo