খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠার মাইল এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে যাত্রীবাহী বাসটি সাতক্ষীরা যাচ্ছিল। পথিমধ্যে আঠার মাইল এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকটি সড়কের উপর উল্টে পড়ে। ট্রাকটি সাতক্ষীরা থেকে খুলনার অভিমুখে যাচ্ছিল।
বাসে থাকা যাত্রীরা জানান, বাসটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। চালক খুব জোরো গাড়ি চালাচ্ছিলো। যাত্রীরা নিষেধ করলেও তিনি শোনেননি।
খুলনার খর্নিয়া হাইওয়ে থানার ওসি জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্নস্থানে পাঠানো হয়েছে। ডোবায় পড়ে থাকা যাত্রীবাহী বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
/এসআর