×
Logo

সারাদেশ

জয়পুরহাটে থানায় পুলিশ পেটানোর অভিযোগে যুবক গ্রেফতার

জয়পুরহাট করেসপনডেন্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

জয়পুরহাটে থানায় পুলিশ পেটানোর অভিযোগে যুবক গ্রেফতার

জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম নিয়ে প্রবেশ করে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। 

এর আগে, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানার ভেতরে ঢুকে পুলিশকে মারধরের ঘটনা ঘটে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে আঘাত করেন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে আসলাম কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাকে আটকাতে গেলে তার ডান হাতের আঙুলেও আঘাত লাগে।

পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান তিনি।

আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করেন কালাই থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে আসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

/এএম

Logo