×
Logo

সারাদেশ

পিরোজপুরে ট্রলারডুবির ঘটনায় শিশু সন্তানসহ নিখোঁজ সেই মায়ের মরদেহ উদ্ধার

পিরোজপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

পিরোজপুরে ট্রলারডুবির ঘটনায় শিশু সন্তানসহ নিখোঁজ সেই মায়ের মরদেহ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ট্রলার ডুবিতে শিশুসন্তানসহ নিখোঁজ সেই মায়ের মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার ৪ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছিল তার কন্যা শিশু সন্তানের মৃতদেহ।

সোমবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে পূজা দেখে বাড়ি ফেরার সময় শ্রীরামকাঠী ফেরিঘাটে এলকায় ট্রলার ডুবে নিখোঁজ হন গৃহবধূ রীনা বেপারী (৩৯) ও তার শিশু সন্তান অদ্রিতা বেপারি (৮)। জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বাসিন্দা শংকর বেপারীর স্ত্রী রীনা বেপারি।

আনুমানিক ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া  ট্রলারটি থেকে অন্যান্য যাত্রীরা সাতরে উঠতে পারলেও ওই গৃহবধূ তার শিশু সন্তানকে নিয়ে পানিতে তলিয়ে যায়।

পরে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশু অদ্রিতার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনার ২ দিন পরে আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাধ এলাকায় স্থানীয়রা  নদীতে একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের  টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিখোঁজ রিনা বেপারির মৃতদেহ বলে নিশ্চিত হয়।

পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারীর উপ-পরিচালক রায়হানুর আশরাফ জানান, দুর্ঘটনার দিনই আমরা শিশুর লাশ উদ্ধার করতে পেরেছিলাম। তবে গৃহবধূ নিখোঁজ ছিলেন। সকালে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় গৃহবধূর লাশ উদ্ধার সম্ভব হয়েছে। ট্রলারে আমাদের উদ্ধার অভিযান চলমান ছিল। সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মধুরাবাধ এলাকা থেকে লাশটি শনাক্ত করা হয়। নিহতের দেবর মরদেহটি শনাক্ত করার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান,  ট্রলার ডুবির দিনই শিশুটির লাশ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজ নারীর মরদেহ বুধবার  সকালে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অবহেলা বা গাফিলতির অভিযোগ উঠবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ইজারা দেওয়া ঘাটের লোকজনের যদি কোনো অবহেলা থেকে থাকে, তবে ঘাটের ইজারা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এমএইচআর

Logo