৫ দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ এএম
চিকিৎসা সামগ্রীর সংকট সামধান, নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা।
আন্দোলনরতরা জানায়, হাসপাতালে ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হচ্ছে ও সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে।
এছাড়া, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ফলে, সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
তারা জানায়, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা।
/এএন