আমি গর্ব করে বলি আমার দলে কোনো চাঁদাবাদ নেই: আইনমন্ত্রী
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই হবে না বলে মন্তব্য করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলার স্থানীয় দোকান মালিক সমিতি এবং বিভিন্ন পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, 'আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। শৈলকুপাসহ সারা দেশে আমরা তথাকথিত মব জাস্টিস বন্ধ করেছি। যারা ভিন্নমতের আছেন, তাদের বিরুদ্ধে মব জাস্টিস করার সুযোগ দেওয়া হবে না।'
সভায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন আইনমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসীদের স্থান হবে না। ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষকে ভয়ভীতি বা জোর খাটিয়ে চাঁদা দাবি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকার অবকাঠামোগত উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘শৈলকুপা বাজারের আধুনিকায়ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’
এ ছাড়া, পরিবহনশ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘ভ্যান, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রা চালকরা আমাদের সমাজের চালিকাশক্তি। সড়ক ও রুটে শ্রমিকরা যেন কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজির শিকার না হন, তা নিশ্চিত করা হবে।’
উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সভাটি আয়োজন করা হয়। শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও রোজ গ্রুপের চেয়ারম্যান প্রবীর সাহা বিদ্যুৎ, স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
/এমএইচআর