×
Logo

সারাদেশ

মুন্সিগঞ্জে নকল টাকা ছাপানোর সরঞ্জাম ও জাল নোটসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

মুন্সিগঞ্জে নকল টাকা ছাপানোর সরঞ্জাম ও জাল নোটসহ যুবক গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২ লাখ টাকার জালনোট, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ জানায়,  রোববার রাত ১০টার  দিকে উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালিয়ে সরঞ্জামসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়, অভিযানকালে ভাগ্যকুল মান্দ্রা এলাকার মজিবুর রহমানের একতলা ভবনের উত্তর পাশের একটি কক্ষ থেকে নকল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মজিবুর রহমান।

ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান জানান, গ্রেফতারকৃত শ্রাবন আগে থেকেই নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন বলে অভিযোগ রয়েছে। 

অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ২০০ টাকা মূল্যমানের নোটে মোট ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার।

এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা রুজু করে আসামী শ্রাবনকে সোমবার দুপুরেই আদালতে পাঠানো হয়।

/এমএইচআর

Logo