×
Logo

সারাদেশ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ নারী আনসার সদস্যের মৃত্যু

গাইবান্ধা করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ নারী আনসার সদস্যের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ছুটি নিয়ে বাড়ি ফেরেন নারী আনসার সদস্য মোছা. পারভীন বেগম (৪৬)। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে হাসপাতালে ভর্তির পর স্যালাইন দিতে বিলম্ব করা হয়েছিল বলে অভিযোগ করেছে নিহত পারভীনের পরিবার।

রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পারভীন বেগমের শরীরে স্যালাইন দেওয়া হয়। পরিবারের দাবি, স্যালাইন চলাকালে তার মৃত্যু হয়। তবে চিকিৎসার সময় ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

নিহত পারভীন বেগম সাদুল্লাপুর উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মো. মফিজল হকের মেয়ে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর) দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালন করছিলেন পারভীন বেগম। এ সময় তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে মণ্ডপের দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডারকে (পিসি) বিষয়টি জানান। পরে ছুটি নিয়ে তিনি বাড়ি ফিরে যান।

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে ফেরার পর পারভীনের অনবরত পাতলা পায়খানা ও বমি শুরু হয়। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে স্বজনেরা তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

নিহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তির সময় পারভীনের সঙ্গে তার বয়স্ক মা ছিলেন। মেয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি বারবার চিকিৎসকদের স্যালাইন দেওয়ার অনুরোধ জানান। কিন্তু পাতলা পায়খানা ও বমির কারণে পারভীন ক্রমেই নিস্তেজ হয়ে পড়লেও ভর্তির পরপরই তাকে স্যালাইন দেওয়া হয়নি বলে দাবি স্বজনদের।

পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে পারভীনের শরীরে স্যালাইন দেওয়া হয়। স্যালাইন চলাকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসাসেবায় অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্বজনেরা।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রাণী রায় জানান, পারভীন বেগম নিজ ইউনিয়নের একটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ বোধ করলে তিনি ছুটি নিয়ে বাড়ি ফিরে যান। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনেরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পারভীন বেগমের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক নারী আনসার সদস্যের মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। অন্যদিকে, চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কোনো চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

/এমএইচআর

Logo