লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম
ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তা ব্যর্থ হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে পুশ-ইনের চেষ্টা করে তারা।
বিজিবি সূত্রে জানা যায়, বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারের ভারতীয় কোশালডাংগা এলাকা দিয়ে ২ শিশু, ২ নারী ও ৮ পুরুষকে একযোগে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি।
বর্তমানে ওই ১২ জন সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে কোশালডাংগায় অবস্থান করছেন। তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহিনুল ইসলাম জানান, বিএসএফের পুশ-ইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
/এএন