×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেফতার

সাতক্ষীরা করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ এএম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটায় গণপিটুনি দিয়ে ওয়াহিদুজ্জামান শামীম নামের যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফজলুল হক আমিনী (৪৫) দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল ভাড়াচালক।

গণপিটুনিতে নিহত ওয়াহিদুজ্জামান শামীম (৪০) দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের মৃত. শামছুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছিল।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন জানান, মামলার পর থেকে আন্তগোপনে ছিলেন ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী।  গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলা থেকে এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

গেল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পূর্বে কুলিয়া এলাকায় গ্রাম্য চিকিৎসক সবুরের চেম্বারে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদী জনতা নামে ওয়াহিদুজ্জামান শামীমের উপর হামলা চালানো হয়। বিষপান করে অসুস্থ হয়ে শামীম সেখানে চিকিৎসাধীন ছিলেন। গণপিটুনির খবর পেয়ে তাকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। পরে রাত ৯ টার দিকে তৌহিদী জনতা মিছিল নিয়ে হাসপাতালে পৌঁছে সেখানে দ্বিতীয় দফা গণপিটুনি দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেলে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, দেবহাটার হুজুর ফজলুল হক আমিনী 'ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে' ওয়াহিদুজ্জামান শামীমের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে লাইভ করে জনতাকে জড়ো হওয়ার আহ্বান জানান। এর আগে, নিহত ওয়াহিদুজ্জামান শামীমের ইসলাম বিদ্বেষী কথাবার্তার অডিও রেকর্ড এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা শুরু হয়।

শামীম নিহত হওয়ার পর ফজলুল হক আমিনী আগেই জানিয়েছিলেন, ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিল শামীম। প্রতিবেশী বা তার সঙ্গে কেউ কথা বললে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতো। তৌহিদী জনতা গণপিটুনি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে  দিকে নিহতের বড় ভাই জলিল সানা বাদী হয়ে ফজলুল হক আমিনীকে প্রধান আসামী করে দশ জনের বিরুদ্ধে দেবহাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখ্য, মামলায় এজাহার নামীয় একই উপজেলার আসাদুল ইসলাম ও মোক্তার হোসেনকে আগেই গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

/এমএইচআর

Logo