×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া

ইয়াবা ব্যবসায়ীর গ্রেফতার ও বিচারের দাবিতে স্ত্রী-সন্তানসহ গ্রামবাসীর বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম

ইয়াবা ব্যবসায়ীর গ্রেফতার ও বিচারের দাবিতে স্ত্রী-সন্তানসহ গ্রামবাসীর বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াবা ডিলার ও একাধিক ডাকাতি-অপহরণ মামলার আসামি মনির হোসেনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খোদ তার স্ত্রী, সন্তান ও গ্রামবাসী।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার নেয়ামতপুর বাজারে নেয়ামতপুর গ্রামবাসীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।

গ্রামবাসীর অভিযোগ— একই গ্রামের প্রয়াত আবু জামালের ছেলে মনির হোসেন (৪৫) ইয়াবা কারবারের পাশাপাশি হত্যা, চাঁদাবাজি ও অপহরণের সঙ্গে জড়িত। তার নামে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর থানা এবং কক্সবাজারের টেকনাফ ও গাজীপুরের পুবাইল থানায় ১২টি মামলা রয়েছে।

গ্রামবাসীরা জানান, মনির দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার ভয়ে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে তারা দ্রুত মনিরকে গ্রেফতারের দাবি জানান।   

মনিরের স্ত্রী স্মৃতি আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত। এই নিয়ে প্রতিবাদ করলে তাকে মারধর করে মনির। মনিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্তানসহ মানববন্ধনে অংশ নিয়ে তার বিচার দাবি করেন স্মৃতি।

মানববন্ধন শেষে মনিরের বিচার দাবিতে নেয়ামতপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল করেন।

/এমএইচআর

Logo