×
Logo

সারাদেশ

ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঝিনাইদহের মহেশপু্রে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের ফাতেউল আলম ও তার ছেলে আকাশ রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে— পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে অনলাইনে জুয়া পরিচালনা করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনা অবস্থায় ফাতেউল আলম ও আকাশ রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সুযোগ বুঝে পুলিশকে ফাঁকি দিয়ে ফাতেউলের আরও এক ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটার মনিটর, ৮টি সিপিইউ, ২টি ইউপিএস এবং দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা গোপনে অনলাইনে অবৈধ জুয়ার কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়া অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমএইচআর

Logo