×
Logo

সারাদেশ

কুড়িগ্রামে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের ৫ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম

কুড়িগ্রামে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের ৫ জন নিহত

কুড়িগ্রামের রৌমারিতে ট্রাক চাপায় ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সায়েদাবাদ বাজারের পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে সজোরে চাপা দেয়। ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ ইজিবাইক যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় গুরুতর আহত এক শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভয়াবহ এ ঘটনায় পুরো রৌমারী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যান উদ্ধার ও আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

/এএ 

Logo