'মানুষ ভজলে সোনার মানুষ হবি'—ফকির লালন শাহের বাণীতে কুষ্টিয়ায় শুরু ১৩৬তম তিরোধান উৎসব
কুষ্টিয়া করেসপনডেন্ট
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম
মরমি সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া লালন আখড়াবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী স্মরণোৎসব।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাখাল সেবার মাধ্যমে সাধুসঙ্গের মূল আচার-অনুষ্ঠান শুরু হয়।
আধ্যাত্মিক দর্শন, আত্মদর্শন এবং সব জাতপাতের ঊর্ধ্বে উঠে মানবপ্রেমের এক বিরল মিলনমেলায় পরিণত হয়েছে লালন আখড়াবাড়ী প্রাঙ্গণ। দেশের দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার লালন ভক্ত, অনুসারী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
গুরু-শিষ্যের ভাবের আদান-প্রদান এবং সাধুদের আধ্যাত্মিক আলোচনায় মুখর চারপাশ। ঢাকা ও অন্যান্য অঞ্চল থেকে আসা দর্শনার্থীরা জানান, সাধুদের জীবন্ত আচার-অনুষ্ঠান ও আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করতেই তারা ছুটে এসেছেন।
বিকেলে লালন সংগীত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রাতভর চলবে লালন সংগীত পরিবেশন। পাশাপাশি রাতের প্রথম প্রহরে সাধু-ভক্তরা গ্রহণ করবেন মূল অধিবাস।
উৎসবের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, তিন দিনব্যাপী ফকির লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আখড়াবাড়ী চত্বরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
/এএ