কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশজনে। এ ঘটনায় আরও অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানীর পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট’-এ এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় উখিয়া ফায়ার স্টেশন। স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের কর্মীদের আধা ঘণ্টার বেশি সময় লাগে এবং সকাল ৮টায় তারা সরাসরি উদ্ধারকাজ শুরু করেন।
উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। পরে রিসোর্টের ভেতরে তল্লাশি চালিয়ে প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও একজনের মরদেহ উদ্ধার করা হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ছয়ে। এরপর আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
অগ্নিনিরাপত্তার বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, টুপটুপ রিসোর্টের কোনো ফায়ার সেফটি বা অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এমনকি এ বিষয়ে গত জুন মাসেই রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আগুন লাগার সূত্রপাত ও সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
/এনএ