চট্টগ্রামের সীতাকুণ্ডে পিটিয়ে যুবককে হত্যা, চিকিৎসাধীন আরও ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে দুর্বৃত্তদের নির্মম পিটুনিতে তারেক হোসেন বাপ্পি নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন নামের আরও এক যুবক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অলিনগর এলাকায় দুর্বৃত্তরা দুই যুবকের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। নিহত বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা।
অন্যদিকে, গুরুতর আহত তাফসির আলম শাওনকে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত শাওন বাড়বকুণ্ড অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, নিহত তারেক হোসেন বাপ্পি দলীয়ভাবে যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঠিক কি কারণে বা কারা দুই যুবকের ওপর এ বর্বর হামলা চালিয়েছে, তা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের না হলেও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/এএ