সাতক্ষীরায় ধর্ম অবমাননার অপবাদে গণপিটুনিতে হত্যা, গ্রেফতার ২
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার ভুয়া অপবাদ তুলে ওয়াহিদুজ্জামান শামীম নামে এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে দুই দফায় গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত রাতে নিহতের বড় ভাই মো. জলিল বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আনুমানিক ২৪০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন উত্তেজিত জনতা ওয়াহিদুজ্জামান শামীমের ওপর হামলা চালায় এবং তাকে প্রথম দফায় গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাণ্ডব থামেনি; একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখানেও দ্বিতীয় দফায় তার ওপর গণপিটুনি চালানো হয়। পরবর্তীকালে অবস্থা আশঙ্কাজনক হলে মধ্যরাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, ফজলুল হক আমিনী নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে শামীমের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দেয়। নিহতের পরিবারের দাবি, এই ভিত্তিহীন ও পরিকল্পিত উস্কানির জের ধরেই উত্তেজিত জনতা একজোট হয়ে এ হামলা ও হত্যাকাণ্ড ঘটায়।
নিহতের পরিবার আরও জানায়, ওয়াহিদুজ্জামান শামীম বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ও ভারসাম্যহীন ছিলেন। একজন অসুস্থ মানুষের বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে এভাবে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
/এএ