কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে দল থেকে অব্যাহতি
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ এএম
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনায় আমার বাংলাদেশের (এবি পার্টি) কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানিকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এখন থেকে তিনি দলের আর কোনো পরিচয় দিতে পারবেন না। এ বিষয়ে দলের পক্ষ থেকে সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াতের আমির নির্বাচনকে ঘিরে সেক্রেটারি মাহবুবুর রহমানকে আমির করা হবে—এমন আলোচনায় মহানগর নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সমর্থকেরা হট্টগোল সৃষ্টি করলে এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে এ ঘটনার জের ধরে এবি পার্টির মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানি অতর্কিতভাবে লাঠি দিয়ে সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ির গ্লাস ভাঙচুর করেন। এ-সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে আজ তাকে এবি পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়।
/এসআইএন